
**রফিকুল ইসলাম খান**
দেশের অসচ্ছল ও নিম্নআয়ের নারীপ্রধান পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১২ অক্টোবর ২০২৬ থেকে দেশব্যাপী একযোগে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে যোগ্য নারী পরিবারপ্রধানদের ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ডিসি-ইউএনও মোহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন মিরপুর-১৩ শহর সমাজসেবা কার্যালয়-৮-এর প্রধান কর্মকর্তা ইয়াসমিন সুলতানা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যক্রম সমন্বয় পরিষদের কোষাধ্যক্ষ মো. আক্তার লায়েক এবং সাংবাদিক মো. সোহরাব হোসেন বাবুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে কর্মসূচির মূল বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে মোট ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ভাতা খাতে ১৩ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানানো হয়।
ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রক্সি মিন টেস্ট (পিএমটি) পদ্ধতির মাধ্যমে দেশের পরিবারগুলোকে আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে পাঁচটি শ্রেণিতে ভাগ করার পরিকল্পনা রয়েছে। শ্রেণিগুলো হলো—অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত।
নীতিমালায় উল্লেখিত তথ্য অনুযায়ী, পিএমটি স্কোর ৮৬০ বা তার কম হলে নারী পরিবারপ্রধানকে ভাতা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। সব নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা থাকলেও ভাতা পাবেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিভুক্ত যোগ্য পরিবারগুলোর নারীপ্রধানরা।
দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োগের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়। তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেট ডিভাইস ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেজে সংরক্ষণ করা হবে।
তথ্য সংগ্রহ কার্যক্রম নিরাপদ ও কার্যকর করতে নেটওয়ার্কভিত্তিক সাইবার নিরাপত্তা, কর্মী ব্যবস্থাপনা এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) স্থাপনের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে দেশব্যাপী আনুমানিক ৮ কোটি ৮৪ লাখ পরিবারের তথ্য ও জনসংখ্যার উপাত্ত সংগ্রহ করে ডেটাবেজে সংরক্ষণ করা হবে। এরপর পর্যায়ক্রমে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হবে। ২০২৬-২৭ অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী তিন অর্থবছরে পর্যায়ক্রমে যোগ্য নারী পরিবারপ্রধানদের এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
ফ্যামিলি কার্ডে চিপ, কিউআর কোড ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি সংযুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। উপকারভোগীদের ভাতা ডিজিটাল পদ্ধতিতে টাকা পে (TakaPay) পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি পয়েন্ট অব সেলস (পিওএস) এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমেও ভাতা উত্তোলনের সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সঠিক তথ্য সংগ্রহ, স্বচ্ছ যাচাই-বাছাই এবং ডিজিটাল পদ্ধতিতে ভাতা বিতরণের মাধ্যমে প্রকৃত যোগ্য পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনা সম্ভব হবে।