বিশেষ প্রতিনিধি (ক্রাইম), সুমন শাহ্:
রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ৮০৩ পিস ইয়াবাসহ মোঃ হাসান ওমর আব্বাস (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
সোমবার (০৩ আগস্ট ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২৩:৪৫ ঘটিকায় বিমানবন্দর রেল স্টেশনের উত্তর পাশে পুরাতন এনা বাস কাউন্টারের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসান ওমর আব্বাস পঞ্চগড় জেলার বোদা থানার বৈরাতী গুয়াগ্রাম এলাকার প্রধান পাড়ার অধিবাসী।
র্যাব জানায়, সোমবার রাত ২৩:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, সিপিসি-১ (উত্তরা) এর একটি আভিযানিক দল জানতে পারে যে, বিমানবন্দর রেল স্টেশন এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের টহল দল রাত ২৩:৪৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে উক্ত ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্স তাকে আটক করে।
আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে সে নিজের দেহ তল্লাশি করে মাদক থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তার কাছ থেকে ৫টি নীল রঙের প্যাকেটে মোট ৮০৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ সূত্র জানায়, অপরাধ দমনে তাদের এই নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।