ধারাবাহিক অনুসন্ধান: পর্ব-১
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি। মাঠে পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কঠোর অভিযান। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, অভিযানের জালে আটকা পড়ছে কারা?
অনুসন্ধানে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই গ্রেফতার হচ্ছেন খুচরা মাদকসেবীরা। তাদের ৬ মাস, ১ বছর, ২ বছরের জেল হচ্ছে। অথচ যারা এই মাদকের চালান আনছে, গোডাউনে মজুত করছে, কোটি টাকার ব্যবসা করছে, তারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের দায়ে দুই যুবকের সাজা হয়েছে। আদালত তাদের কারাদণ্ড দিয়েছেন। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু প্রশ্ন হলো, এই দুই যুবক ইয়াবা কোথায় পেল? কে তাদের হাতে মাদক তুলে দিল? সেই ব্যবসায়ীকে কেন খুঁজে বের করা হচ্ছে না?
একজন মাদকসেবী নিজে যেমন অপরাধী, তেমনি সে একজন রোগীও। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উচিত তাকে চিকিৎসা দিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনা। কিন্তু একজন মাদক ব্যবসায়ী সে তো ঠান্ডা মাথার খুনি। সে শত শত যুবকের জীবন নষ্ট করে অর্থের পাহাড় গড়ছে।
তাহলে আইনের প্রয়োগে এই বৈষম্য কেন?
আমরা দেখেছি, একজন সেবনকারী ধরা পড়লে তার পকেটে ২ পিস, ৫ পিস ইয়াবা পাওয়া যায়। আর ব্যবসায়ীর গোডাউনে পাওয়া যায় হাজার হাজার পিস। সেবনকারীকে ধরা সহজ, তাই তাকেই ধরে মামলার সংখ্যা বাড়ানো হচ্ছে? আসল রাঘববোয়ালরা কীভাবে পার পেয়ে যাচ্ছে?
এই প্রশ্ন এখন সাধারণ মানুষের।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের প্রশ্ন:
১. মাদক মামলায় সেবনকারী ও ব্যবসায়ীকে কি একই পাল্লায় মাপা উচিত?
২. সেবনকারীদের জন্য বাধ্যতামূলক পুনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থা কেন জোরদার করা হচ্ছে না?
৩. প্রতিটি সেবনকারীর স্বীকারোক্তি থেকে উৎস পর্যন্ত যাওয়ার জন্য তদন্তে কেন আরও গুরুত্ব দেওয়া হচ্ছে না?
আমরা চাই না শুধু সেবনকারীকে জেলে ভরে পরিসংখ্যান দেখানো হোক। আমরা চাই মাদকের শেকড় উপড়ে ফেলা হোক।
এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চাইলে তারা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং সকল পর্যায়ের অপরাধীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, শুধু সেবনকারীকে শাস্তি দিয়ে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে।
[চলবে… পরবর্তী পর্বে থাকছে – কারা এই ব্যবসার নেপথ্যে? আর কি কারনে প্রশাসন ব্যবসায়ীকে ধরতে পারছে না ?